‘টেকসই উন্নয়নে দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদের বিকল্প নেই’
Led Bottom Ad

সুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন

‘টেকসই উন্নয়নে দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদের বিকল্প নেই’

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১২/২০২৫ ২৩:৩৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেছেন, “দেশের টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি শিক্ষাই পারে তরুণ সমাজকে বাস্তবমুখী দক্ষতায় গড়ে তুলে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে তৈরি করতে।”

তিনি বলেন, “বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই শিক্ষার্থীদের কেবল সনদনির্ভর না হয়ে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।”

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এবং এসেট প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত চাকরি মেলা–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, “সরকার কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে গুণগত মানের পাঠদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।”

সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার) মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রনিক্স) ফখরুল ইসলাম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন টুইন অটোমোবাইল স্কুলের কো-ফাউন্ডার মো. নুরুল হুদা, লার্নিং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার ও ডাইরেক্টর মো. কামরুজ্জামান এবং ভি-টিউটরের অ্যাডমিন মো. ফারুক হোসেনসহ অন্যান্য অতিথিরা।

চাকরি মেলায় ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে প্রায় ৬ শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। এর মধ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১৩ জন চাকরি লাভ করেন। পাশাপাশি প্রায় দেড় শতাধিক চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।

এদিকে, চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইকবাল চৌধুরী এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শুয়াইব আহমেদ।

সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, দিনব্যাপী এ চাকরি মেলায় অনলাইনে ৪৪২ জন এবং সরাসরি ২৪৬ জনসহ মোট ৬৫৭ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করে অংশগ্রহণ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad