জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল ব্রিজ–সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত জামাল আহমদ (৩৫) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামাল আহমদ বাড়ি থেকে কাজে যোগ দিতে বের হন। পথে সিলেট–তামাবিল মহাসড়কের চাঙ্গীল ব্রিজ–সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশের ঝোপে ছিটকে পড়েন।
সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনার কারণেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ রহমান
মন্তব্য করুন: