বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কৃষক দল নেতা ইরন মিয়া মেম্বারের মৃত্যু
বিয়ের এক বছরও পূর্ণ হওয়ার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন হারালেন বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া মেম্বার (৪২)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজার এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ইরন মিয়া দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী আস্তফা মিয়ার ছেলে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত মেম্বার ছিলেন। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় তিনি দলীয় নির্বাচনী কাজে নিজ মোটরসাইকেলযোগে নাজিরবাজার যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভ্যানটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ভ্যানটি আটক করে আহতকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।
ইরন মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিশেষ করে পরিবারে শোকের ছায়া গভীরভাবে নেমে এসেছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: