গার্মেন্টস কর্মী দিপু দাসকে নৃশংসভাবে হত্যা
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে গাছে ঝুলিয়ে অগ্নিদগ্ধ করে হত্যাসহ সারাদেশে সংঘটিত ধারাবাহিক সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন ঐক্য পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন, চলতি বছরে কথিত ধর্ম অবমাননার অভিযোগে অর্ধশতের বেশি মানুষ হত্যা ও ধর্ষণের শিকার হয়েছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে হামলা, আদিবাসীদের ওপর নির্যাতন ও সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, পূজা পরিষদের জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাস, খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি ডিকুম নিঝুম সাংমা, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, শাহপরান থানা সভাপতি বিরেশ দেবনাথ প্রমুখ।
এছাড়াও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট মহানগরের সাধারণ সম্পাদক রাজিব দেব রাজু, সিলেট মহালয়া উদযাপন পরিষদের সভাপতি জি ডি রুমু এবং শ্রীহট্ট ইসকনের পক্ষে বলদেব কৃপা দাস।
সমাবেশে বক্তারা ময়মনসিংহের দিপু চন্দ্র দাস, রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়, ফরিদপুরে কলেজ শিক্ষক উৎপল সরকার এবং নরসিংদীর রায়পুরে স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যাসহ সকল সাম্প্রদায়িক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, অতীতের কোনো সরকারই সংখ্যালঘুদের ওপর সংঘটিত সহিংসতার কার্যকর প্রতিকার নিশ্চিত করতে না পারায় এসব ঘটনা এখন সারাদেশে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ ও মব সৃষ্টির মাধ্যমে সংঘটিত সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান তারা।
এসময় বক্তারা দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ১০ জন খুনিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান এবং নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সার্বিক নিরাপত্তা ও দায়িত্ব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ রহমান
মন্তব্য করুন: