হবিগঞ্জে চালবন হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার চালবন হাওরে এ ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে নিয়ে চালবন হাওরে নিজেদের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী চজাহির উল্লাহ, শরীফ ও বক্করসহ কয়েকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে তাহির মিয়া, তাঁর ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
স্বপন রবি দাশ/ নীরব
মন্তব্য করুন: