‘সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইমাম ও খতিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
Led Bottom Ad

জকিগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক সারওয়ার আলম

‘সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইমাম ও খতিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ প্রতিনিধি

২২/১২/২০২৫ ১৯:৫৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে মক্তব শিক্ষার মাধ্যমে, যা সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে।

সোমবার জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণকালে ইমাম ও খতিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাঁদের যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

সকাল ১০টায় জকিগঞ্জে পৌঁছালে জেলা প্রশাসককে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা। পরে তিনি উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছাদ বাগান উদ্বোধন ও মুনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল ভবনে বেসরকারি এনজিও সংস্থা ‘প্রজন্ম’-এর কার্যক্রম ও টিকাদান কার্যক্রম বিষয়ে সরকারের সঙ্গে কোনো চুক্তি রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নেন এবং ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া জকিগঞ্জ উপজেলার ৬৪০ জনের তালিকা দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিন জেলা প্রশাসক জুলাই আন্দোলন গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ এবং ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করেন। পাশাপাশি তিনি জকিগঞ্জ পৌরসভা ও ডিজিটাল সেন্টার, জকিগঞ্জ থানা ও কাস্টমঘাট পরিদর্শন এবং পৌরসভার একটি সড়ক উদ্বোধন করেন।

এছাড়াও তিনি নদীভাঙন এলাকা, মাল্টা বাগান ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। ভার্মি কম্পোস্ট প্রকল্প, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুফতি আবুল হাছান, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, কোষাধ্যক্ষ কে. মামুন প্রমুখ। জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি অবগত হলে জেলা প্রশাসক তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad