খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি
সিলেটে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় সিলেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট জামে মসজিদের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও ছাত্রজনতা একত্রিত হয়ে শহীদ হাদীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, জুলাই যোদ্ধা আব্দুস সালাম টিপু, ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানাজা শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গায়েবানা জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ নুরুল ইসলাম কামাল।
এ রহমান
মন্তব্য করুন: