উসমান হাদি হত্যার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল
Led Bottom Ad

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

উসমান হাদি হত্যার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/১২/২০২৫ ১৮:৫৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান শরীফ বিন হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের নেতৃত্বে এতে অংশ নেন সিলেট জেলা ও মহানগর এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিকশক্তিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে নেতাকর্মীরা ঐতিহাসিক দরগা মসজিদে জুমার নামাজ আদায় শেষে শহীদ উসমান শরীফ বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা উসমান শরীফ বিন হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত যেসব খুনী বর্তমানে ভারতে অবস্থান করছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এছাড়া বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের ও সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এবং সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে তাদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে এসব দাবির বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad