জৈন্তাপুরে নাবালিকা মেয়েকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হাসন আলি (৫৫), উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে। তিনি ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে বান্দরবানে চলে গিয়েছিলেন।
পুলিশ জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ওই কিশোরীকে বারবার নির্যাতনের অভিযোগ ওঠে। বিষয়টি প্রথমে মেয়েটি তার দাদীকে জানায়। পরে পরিবারের সদস্যরা নজরদারি বাড়ান। গত ১৪ সেপ্টেম্বর রাতে মেয়েটির কক্ষে অনাকাঙ্ক্ষিত অবস্থায় হাসন আলিকে আটক করলে তিনি পালিয়ে যান।
ঘটনার পর ২১ সেপ্টেম্বর কিশোরীর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন। এরপর থেকেই পুলিশ আসামিকে ধরতে অভিযান চালায়।
গত ২৯ নভেম্বর র্যাব–১৫ এর সহায়তায় বান্দরবান সদর এলাকা থেকে হাসন আলিকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে জৈন্তাপুর মডেল থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার তদন্ত কর্মকর্তা মো. উছমান গনি।
ডি আর ডি
মন্তব্য করুন: