আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে : সিলেটে সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্ত আর দিল্লি বা লন্ডনের পরামর্শে চলবে না। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত। সীমান্তে যেসব হত্যাকাণ্ড ঘটছে, সেগুলোর বিচার নিশ্চিত করতেই হবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে আয়োজিত ছাত্র–যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদী প্রবণতা আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। কোনো ধরনের ‘দাদাগিরি’ বা চাপিয়ে দেওয়া রাজনীতি চলবে না। নতুন বাংলাদেশ পরিচালিত হবে জনগণের মত ও প্রত্যাশা অনুযায়ী।
শিক্ষাব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয়ী হলে শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
সমাবেশটি কোম্পানীগঞ্জ থানা সদর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীন।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: