জৈন্তাপুরে ভারতীয় কম্বলসহ ২ ব্যবসায়ী আটক
সিলেটের জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮২ পিস ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাফলং থেকে ফেরত আসা বেশ কয়েকটি বাসে এ অভিযান পরিচালনা করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি মো. উছমান গনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বাসগুলোর লাগেজ বক্স ও ভেতরের আসন থেকে কম্বলগুলো জব্দ করা হয়। এসময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সাম্বুদিয়া গ্রামের পেশকার আলীর ছেলে জাকির হোসেন (৪৫) এবং গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ গ্রামের মানিক মিয়ার ছেলে রবিন মাহমুদ (২৫)।
ওসি (তদন্ত) মো. উছমান গনী জানান, ভারতীয় কম্বলগুলো চোরাইপথে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশের এই অভিযানের পর এলাকার জনমনে প্রশংসার পাশাপাশি ভারতীয় চোরাইপণ্যের দমন কার্যক্রম আরও জোরদার করার দাবি উঠেছে।
এ রহমান
মন্তব্য করুন: