জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের ঘটনায় পতাকা বৈঠক
সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ ও স্থানীয় কৃষকের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ঘটনা স্থলেই বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, রোববার সকালে ভারতের ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের পিন্নানগর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত পিলার ১৩৪৫ অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে সুরমা নদী পার হয়ে ঢোকে। এসময় তারা কৃষিজমির ফসল ও বেড়া নষ্ট করে। স্থানীয়রা বাধা দিলে বিএসএফ সদস্যরা দ্রুত নিজ দেশে ফিরে যায়, বিজিবি পৌঁছানোর আগেই।
ঘটনার পরপরই বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকে বসার জন্য আহ্বান জানায়। সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত চলা বৈঠকে বিজিবি বিএসএফের আচরণের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করে এবং ক্ষতিপূরণের দাবি তোলে। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ক্ষতিপূরণের ব্যাপারে জানাবেন বলে প্রতিশ্রুতি দেন।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার এক বিবৃতিতে জানান, ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে বিএসএফকে কঠোর নির্দেশনার কথা বলা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: