ডা. জুবাইদা রহমান
‘চিকিৎসাসেবা কোনো সুবিধা নয়, মানুষের মৌলিক অধিকার’
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং কোনো নাগরিক যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ঢাকা-১৭ এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
ডা. জুবাইদা রহমান বলেন, “স্বাস্থ্যসেবা কোনো করুণা বা সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আমাদের শহরের জীবনযাত্রা সচল রাখতে কড়াইল-ভাসানটেক ও সাততলা বস্তির শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ তারা সামান্য অসুস্থতায় ফার্মেসির ওপর নির্ভর করে, যা অত্যন্ত দুঃখজনক। এখন থেকে এই এলাকার মানুষ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সব ধরণের সুচিকিৎসা পাবেন।” তিনি নবজাতক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ এবং বিশেষ করে অন্তঃসত্ত্বা মা-বোনদের সুচিকিৎসা নিশ্চিতে গুরুত্বারোপ করেন।
দেশের স্বাস্থ্য খাতের করুণ চিত্র তুলে ধরে তিনি বলেন, “দীর্ঘদিনের অবহেলায় সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে এবং স্বাস্থ্যকর্মীরা বঞ্চিত। বর্তমানে স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ সরাসরি জনগণকেই বহন করতে হয়, ফলে অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার এই চিত্র বদলে একটি আত্মনির্ভর ও সুস্থ দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।”
অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং নতুন ৫০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন। এরপর তিনি আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট চিকিৎসকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা রাজধানীর সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: