প্রগতিশীল মহলে উদ্বেগ
সিলেটে সিপিবি নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার
বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্পাদকমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন (সুমন) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে সিলেট নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যায় জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন পেশায় একজন আইনজীবী এবং সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। ওই আন্দোলনের অন্যতম দাবি ছিল চালকদের জীবিকা রক্ষায় ১১ দফা বাস্তবায়ন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা শনিবার জানানো হবে।”
সিপিবি ও প্রগতিশীল রাজনৈতিক নেতাদের অভিযোগ, অটোরিকশা চালকদের আন্দোলনে উপস্থিত থাকার কারণেই আনোয়ার হোসেনকে বিনা অভিযোগে আটক করা হয়েছে।
একজন সহকর্মী বলেন, “আনোয়ার হোসেন কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি। তিনি শুধু শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে কথা বলেছেন। সরকারবিরোধী আন্দোলনের ভয়েই তাঁকে তুলে নেওয়া হয়েছে।”
গত মঙ্গলবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর আগে একই দাবিতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে আনোয়ার হোসেনসহ কয়েকজন প্রগতিশীল নেতা বক্তব্য রাখেন। পরে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধিদল সিলেট মহানগর পুলিশের কমিশনারের সঙ্গে বৈঠক করে তিন দিনের সময়সীমা দিয়ে আন্দোলন স্থগিত করেন। তবে আলটিমেটাম শেষ হওয়ার আগেই আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনে “তৃতীয় পক্ষের ইন্ধন” ছিল। তবে সেই পক্ষের নাম এখনো প্রকাশ করা হয়নি।
সিপিবি, সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বিভিন্ন বাম সংগঠন এই গ্রেপ্তারকে “রাজনৈতিক নিপীড়ন” হিসেবে আখ্যা দিয়েছে। তাঁরা আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: