সিলেটে জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক
Led Bottom Ad

পাথর লুটের দায় অস্বীকার

সিলেটে জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৮/২০২৫ ২৩:৪০:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি, জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম রাজনৈতিক নেতৃবৃন্দকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাম্প্রতিক সময়ে সংঘটিত পাথরকাণ্ডের সফল সমাধানের পর শিক্ষা, স্বাস্থ্য, ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানান।

 

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ যদি প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করেন তবে জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা প্রদান করা অনেক সহজ হবে।’ তিনি সবার কাছে অবাধ ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন। 


সিলেটের রাজনৈতিক নেতারা জেলা প্রশাসককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারা সিলেট জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সেবার মানোন্নয়ন, যানজট নিরসন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় তারা পাথরকাণ্ডে দুদকের প্রতিবেদনের তাদের নাম আসার প্রতিবাদও করেন। 


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘জীববৈচিত্র সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’  কিন্তু সাম্প্রতিক সময়ে লুটের তালিকায় তার নাম আসার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণের দাবি জানান তিনি।  


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পাথর লুটের ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।


বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রশ্ন রেখে বলেন, ‘রাজনীতিবিদদের সংশ্লিষ্টতা না থাকলে পাথর লুট কীভাবে হল?’


সিলেট মহানগর জামায়াত আমির ফখরুল ইসলাম বলেন, ‘পর্যটন কেন্দ্র সাদাপাথর লুটেরা চক্র ধ্বংস করায় দেশ-বিদেশে সুনাম ক্ষুণ্ন হয়েছে।’


দুদকের বরাত দিয়ে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশে ব্যক্তি হিসেবে অপমানিত হয়েছেন বলে মন্তব্য করেন। এ ব্যাপারে ব্যক্তি হিসেবে নিজেদের অবস্থান সম্পর্কে প্রশাসনকে খোঁজ-খবর নেওয়ার দাবি জানান তিনি। লুটকাণ্ডে প্রকৃত দোষীদের চিহ্নিত করারও দাবি জানান এই জামায়াত নেতা।


জেলা জামায়াতের আমির মাওলানা হবিবুর রহমান বলেন, পাথর লুটের ঘটনা লুকাতে পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের নাম জড়ানো হয়েছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা পরিষ্কার করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি।  


এনসিপি আহ্বায়ক নাজিম উদ্দীন সাহান তার বক্তব্যে পাথরকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি পাথরকাণ্ডে দুদকের প্রতিবেদনে তার নাম আসলেও তিনি এসবে জড়িত নন বলেও জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন প্রকল্পসহ সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধীরগতি সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad