সিলেটে উপজেলা ছাত্রলীগ নেতাসহ নিষিদ্ধ সংগঠনের ৪ কর্মী গ্রেপ্তার
সিলেট নগরীতে রাষ্ট্রবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিল চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে কোতোয়ালী মডেল থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭)। অন্য তিন গ্রেপ্তার ব্যক্তি হলেন—এহসান হোসেন (২৫), আবদুল্লাহ আল রাহি (২৫) এবং শাহ তাহমিদ আহমদ (৩৩)। তাঁদের সবার বাড়ি বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরাসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ১৮ জুন ও ৩০ আগস্ট দুটি পৃথক মামলা করা হয়। এই দুই মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগ নেতা সুফিয়ান হোসেনের বিরুদ্ধে পূর্বেও মারামারি, হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বিয়ানীবাজার থানায় তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: