হবিগঞ্জে নিখোঁজ হওয়া চার শিশু একসঙ্গে উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার শিশুর সন্ধান মিলেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার দেবপুর মদিনা মার্কেট এলাকা থেকে তাদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ওই শিশুরা। নিখোঁজ চার শিশু হলো—মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।
স্বজনেরা দীর্ঘ সময় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। পরে দেবপুর মদিনা মার্কেট এলাকায় চার শিশুর অবস্থান নিশ্চিত হয়ে পরিবারের সদস্যরা সেখান থেকে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ চার শিশু উদ্ধার হয়ে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে গেছে।
ফয়সল চৌধুরী / নীরব চাকলাদার
মন্তব্য করুন: