১০১ শয্যায় উন্নীত হচ্ছে জকিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার মান বাড়াতে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান শয্যা সংখ্যা থেকে বাড়িয়ে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত একটি অফিশিয়াল প্রজ্ঞাপন ও আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, সরকারের এই জনকল্যাণমুখী সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ অবদান রেখেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে চলেছে।
গত ০৬ জুলাই ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার স্বার্থে জকিগঞ্জসহ সারা দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত হাসপাতালগুলোতে দ্রুত প্রকল্প প্রণয়ন ও পদ সৃজনের প্রস্তাব প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের সাথে সংযুক্ত তালিকায় সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম অন্তর্ভুক্ত রয়েছে (তালিকা নং ৩৫৪)।জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার খবর এলাকায় পৌঁছালে স্থানীয় জনসাধারণের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন থেকে এই অঞ্চলের সাধারণ ও দরিদ্র মানুষ উন্নত চিকিৎসার জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিজ এলাকাতেই পাবেন। চিকিৎসাসেবার এই যুগান্তকারী উন্নয়নের জন্য জকিগঞ্জের সর্বস্তরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোর্শেদ লস্কর / সজল আহমেদ
মন্তব্য করুন: