জৈন্তাপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা

জৈন্তাপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৩/০৭/২০২৬ ২১:৪৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন, অনলাইন জুয়া ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি, চা-বাগানের শ্রমিক, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায় বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মানবপাচার ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত প্রশাসন বা পুলিশকে জানানোর অনুরোধ করেন।


তিনি বলেন, জৈন্তাপুর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি জনপদ। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মকে সুশিক্ষা ও ইতিবাচক মূল্যবোধে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।


প্রধান বক্তার বক্তব্যে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। মাদক, চোরাচালান, মানবপাচার ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।


ওসি আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া সামাজিক অপরাধ নির্মূল সম্ভব নয়। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।


সভায় বক্তব্য দেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, সাবেক ইউপি সদস্য আবুল হাসিম সুন্দই এবং বর্তমান ইউপি সদস্য রাজু সিং।


খাসিয়া সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন কমিউনিটি নেত্রী আইরিন খাসিয়া। এ সময় কমিউনিটি নেতা টেম লানং, কা মিন খাসিয়া ও ডিবেনসনসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পান ও সুপারিসহ স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এ ছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।


সভা পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান।


সভায় জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় আগামী ১ আগস্টের আগে সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর অংশ হিসেবে আগামী দুই সপ্তাহ সীমান্তবর্তী এলাকায় আরও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হবে।

সাইফুল ইসলাম বাবু /আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad