মৌলভীবাজারে পঞ্চায়েত সভাপতির নামে মামলার প্রতিবাদে চা শ্রমিকদের কর্মবিরতি
মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত সভাপতি স্বপন কুর্মি ও কারখানা চৌকিদারসহ ৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন সাধারণ চা শ্রমিকরা। আজ সোমবার (১৩ জুলাই) সকালে পাত্রখোলা চা বাগান কারখানার সম্মুখে এক ঘণ্টা কাজ বন্ধ রেখে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাগান সূত্রে জানা গেছে, গত ২৯ জুন বিকেলে পাত্রখোলা চা বাগানের অফিস কক্ষের সামনে অবৈধভাবে চা পাতা উত্তোলনকারীদের হাতেনাতে আটক করা হয়। এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সুমন মাদ্রাজী নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ এনে বাগান পঞ্চায়েত সভাপতি স্বপন কুর্মিসহ ৬ জনকে আসামি করে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করা হয়। তবে চা শ্রমিকদের দাবি, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এরই প্রতিবাদে আজ সকালে বাগানের সব শ্রমিক একযোগে কাজ বন্ধ করে আন্দোলনে নামেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে চা শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল টি কোম্পানির উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক ইউসুফ খান, বাগান পঞ্চায়েত সভাপতি স্বপন কুর্মি, যুবনেতা রিয়াজ আহমেদ ও লক্ষ্মী অলমিক প্রমুখ।
মানববন্ধন চলাকালে ন্যাশনাল টি কোম্পানির উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম আন্দোলনরত শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুতই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলে বিষয়টি সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের ওপর আস্থা রেখে শ্রমিকরা তাদের এক ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় কাজে ফিরে যান।
আর আর
মন্তব্য করুন: