সিলেট সীমান্তে বিজিবির অভিযান: ৬৪ লাখ টাকার পণ্য জব্দ, আটক ২
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় মহিষ, টমেটো, ফেনসিডিল, চকলেট, জিলেট ব্লেড, ফেস পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল ও মিনিপ্যাক শ্যাম্পুসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সুপারিও আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু ও পাথর বহনকারী একটি বারকী নৌকা জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সাইফুল ইসলাম বাবু / আর আর
মন্তব্য করুন: