বির্তকিত কর্মকর্তা আবজাউল আলমকে সিলেট বিমানবন্দরের ভিসা সেলে বদলি
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলমকে সিলেটে বদলি করা হয়েছে। শনিবার (৫ জুলাই) রাতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রুটিন দায়িত্বে) এটিএম আবু আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
এর আগে মায়ের নামের ইংরেজি বানান নিয়ে আবেদনকারীকে হয়রানির অভিযোগে একটি গণমাধ্যমে “নামের বানান ‘অশুদ্ধ’ দাবি পাসপোর্ট কর্মকর্তার, আবেদন বাতিল” শিরোনামে খবর প্রকাশের পর এই ব্যবস্থা নেওয়া হয়।
আদেশে আবজাউল আলমকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিসা সেলে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকার উত্তরার পার্সোনালাইজেশন কমপ্লেক্সের বেসিক ক্লিয়ারেন্স শাখায় সংযুক্ত করা হয়। ৫ জুলাইয়ের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে কারণ উল্লেখ না থাকলেও বদলিটি ‘জনস্বার্থে’ করা হয়েছে বলে জানানো হয়।
জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলের সখীপুরের জুনাইদ হাসান নামের এক যুবকের পাসপোর্ট আবেদন আটকে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মায়ের নামের বানান নিয়ে আবেদনকারীকে হয়রানি করতে দেখা যায়। এটি ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গত ৩ জুলাই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় শনিবার সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর ভাই মাসুদ রানা।
তিনি অভিযোগ করেন, সব কাগজপত্র সঠিক থাকার পরও জুনাইদের আবেদন অযৌক্তিক কারণে বাতিল করা হয়েছে। মাসুদ রানা পাসপোর্ট অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ঘটনার তদন্ত চেয়ে দায়ী কর্মকর্তার শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি পাসপোর্ট অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: