এলাকায় শোকের মাতম
গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ বন্ধুসহ ৩ স্কুলছাত্রের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় শেষ পর্যন্ত তিন স্কুলছাত্রেরই মৃত্যু হয়েছে। তারা সবাই উপজেলার জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
নিহতরা হলেন—উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।
রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পরীক্ষা শেষে ঘুরতে যাওয়াই কাল হলো
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিব আহমদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত রায়হান ও জয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেটের হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আনুমানিক ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদ মারা যান। এর প্রায় এক ঘণ্টা পর, রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়। এ নিয়ে দুর্ঘটনায় আরোহী তিন বন্ধুরই মৃত্যু হলো।
এলাকায় শোকের মাতম
একই শ্রেণির তিন সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা গোয়াইনঘাট উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়িতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিনজনই অত্যন্ত প্রাণবন্ত ও মেধাবী ছিল। একসঙ্গে পরীক্ষা দিয়ে বেড়াতে গিয়ে তাদের এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। সহপাঠী ও শিক্ষকরা এই ক্ষতিকে ‘অপূরণীয়’ বলে অভিহিত করেছেন।
প্রশাসনের বক্তব্য ও সতর্কতা
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীরই মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি অপ্রাপ্তবয়স্ক কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: