সিলেট সিটি নির্বাচন: মেয়র পদে জামায়াতের সম্ভাব্য তিন প্রার্থীর নাম কেন্দ্রে
Led Bottom Ad

নানামুখী আলোচনা মাঠে

সিলেট সিটি নির্বাচন: মেয়র পদে জামায়াতের সম্ভাব্য তিন প্রার্থীর নাম কেন্দ্রে

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৫/২০২৬ ০৯:১৭:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আগামী নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যেই নানামুখী আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে মাঠে নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জাতীয় নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকারের এই নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না। ফলে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের তৎপরতাই এখন সিলেটের সর্বত্র প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে দলগতভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় অনেকটা এগিয়ে গেছে জামায়াতে ইসলামী। সিসিকের মেয়র পদের জন্য তিন সম্ভাব্য প্রার্থীর একটি প্যানেল তৈরি করে দলটির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত যে তিনজনের নাম কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব করেছে তারা হলেন– সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লোকমান আহমদ। প্রস্তাবিত এই তিন নেতাই স্থানীয় রাজনীতিতে বেশ প্রভাবশালী। এদের মধ্যে মাওলানা হাবিবুর রহমান গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট পেয়েছিলেন। অন্য প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে মহানগর জামায়াতকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং তিনি জাতীয় সংসদের বর্তমান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ছোট ভাই। প্যানেলের তৃতীয় নাম মাওলানা লোকমান আহমদ গত জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন পেলেও পরবর্তীতে জোটগত ও কৌশলগত সিদ্ধান্তের কারণে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী সম্ভাব্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় পর্যায় থেকে যোগ্য নেতাদের নাম প্রস্তাব করা হয়েছে, তবে কেন্দ্র চূড়ান্তভাবে যাকে মনোনয়ন দেবে দলের সকল স্তরের নেতাকর্মীরা তাঁর হয়েই মাঠে একযোগে কাজ করবেন। এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই তৃণমূলের কর্মী-সমর্থকদের মাঝে প্রচার শুরু হয়েছে যে, মাওলানা হাবিবুর রহমানই এবার সিসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতের মূল প্রার্থী হতে পারেন। কিছু গণমাধ্যমেও এই সংক্রান্ত জল্পনা-কল্পনামূলক খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, মেয়র পদের প্রার্থী নিয়ে তৃণমূলের আগ্রহ ও আলোচনা থাকাটাই স্বাভাবিক, তবে দলের হাই কমান্ড থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad