অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে মৌন মিছিল

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে মৌন মিছিল

প্রথম ডেস্ক

২২/০৯/২০২৬ ১৩:০৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশায়াকত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মৌন মিছিলটি শুরু হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাদের সবার হাতে ছিল কালো ব্যাজ। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

গত শনিবার দুপুরে কুমিল্লা নগরের দক্ষিণ মোড় এলাকার লালমাই পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন ছিল।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই হত্যার রহস্য উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের বিচার এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তারা।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad