জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পণ্যমূল্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যমূল্যে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছি। অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বের) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। এর আগে বিভিন্ন চা বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধীদল। তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে, দায়িত্বশীল আচরণ করা।
চা শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার চা বাগানের আয় বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। চা বাগানকে লাভজনক করার জন্য কয়েকদিন আগেও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বৈঠক করেছি। আগামীতে আমরা বাগানের আয় বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নিচ্ছি। চা গাছের স্বাস্থ্য নষ্ট না করে আরও কোনো গাছ লাগানো যায় কী না সে ব্যাপারে আলাপ হচ্ছে। কাঠের গাছ বা মসলার গাছ লাগানোর আলাপ-আলোচনা চলছে। এছাড়া যেসব বাগানে সম্ভব হবে সেগুলোতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে। যাতে বাগানের আয় বাড়ে। এর মূল উদ্দেশ্য হলো বাগানের আয় বাড়াতে পারলে শ্রমিকদের মজুরিও ভালোভাবে বাড়ানো যাবে।
মন্ত্রী বলেন, চা বাগানের শ্রমকিদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। যেসব বাগানে স্কুল নেই, সেগুলোতে স্কুল হবে। বাগানের রাস্তাঘাটের সংস্কার করা হবে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। এর সুফল আপনারা পাবেন। স্বাস্থ্য-শিক্ষা, মজুরিসহ সবক্ষেত্রেই এর সুফল পাবেন।
সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুলাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ জোসেন চৌধুরীসহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ডিডি / পূজা বাড়াইক/ প্রসি- ২০২৬
মন্তব্য করুন: