সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও
Led Bottom Ad

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৫/২০২৬ ১৭:৩২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও রুবেলার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।


আজ শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৬ মে পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। ৫ মাস বয়সী ওই শিশুর নাম আবু সাইফ। অন্য শিশুটি সুনামগঞ্জের ছাতক উপজেলার ৮ মাস বয়সী রাফা আক্তার।


গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি হামের রোগী ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন ১২৩ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৯ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪ জন করে রোগী চিকিৎসা নিচ্ছেন।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad