মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগ
সিলেটে ভোক্তা অধিকারের অভিযান: আল রাইয়ান ফার্মেসী সিলগালা
সিলেটে চিকিৎসকদের দেওয়া বিনামূল্যে ঔষধের নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ‘আল রাইয়ান ফার্মেসী’ নামের একটি ঔষধের দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৬ মে) দুপুরে সিলেট মহানগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ মিয়া। অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো নিজেদের হেফাজতে নিয়েছে অধিদপ্তর।
সহকারী পরিচালক আরিফ মিয়া জানান, ফার্মেসীটিতে চিকিৎসকদের জন্য নির্ধারিত ফ্রি স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে অন্তত ১ লাখ টাকা জরিমানা করার বিধান থাকলেও প্রাথমিকভাবে তাঁদের কঠোরভাবে সতর্ক করা হয়। তবে অভিযান চলাকালীন সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টির একটি অনাকাঙ্ক্ষিত প্রবণতা পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে অধিকতর সতর্কতা ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আল রাইয়ান ফার্মেসীটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: