১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক
Led Bottom Ad

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০৫/২০২৬ ১৩:২৯:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-এর সিলেট বিভাগীয় কমিটি। আগামী ১৯ মে মঙ্গলবার ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।


বৃহস্পতিবার রাতে ফেডারেশনের বিভাগীয় কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও , হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সজিব আলী।


শ্রমিক নেতারা জানান, ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ কয়েকজন নেতার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, সুনামগঞ্জ জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজুর নুর ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কালা মিয়া, মৌলভীবাজার জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি অদুদ আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ ও কোষাধ্যক্ষ বাদল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।


নেতারা বলেন, গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনাল-এ ঘটে যাওয়া একটি ঘটনায় নিরপরাধ শ্রমিক নেতাদের আসামি করা হয়েছে। তাঁরা দাবি করেন, ঘটনার সময় অভিযুক্ত নেতারা নাজিরবাজারে একটি শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। পরে ঘটনা শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন।


সভায় বক্তারা ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ঐক্য বিনষ্টের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তাঁরা।


নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ১৯ মে ভোর ৬টা থেকে সিলেট বিভাগে সর্বাত্মক সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad