জুলাই সনদ বাস্তবায়নের ডাক
সিলেটে এনসিপিতে ৪৩ নেতাকর্মীর যোগদান
সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক সৃষ্টি করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৪৩ জন নেতাকর্মী। মঙ্গলবার সিলেট মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার বিভিন্ন রাজনৈতিক দলের এসব নেতাকর্মী দলটির আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে শামিল হন।
সিলেট মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. কিবরিয়া সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, মো. নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা এবং সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সদস্য তাহমিনা বেগমসহ অন্যান্যরা। বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নব-যোগদানকারী নেতাকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির রাজনৈতিক দর্শনই জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তাঁরা বিশ্বাস করেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল বলেন, দেশের স্বার্থে এবং জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে শপথ গ্রহণ করা হয়।
সজল আহমেদ
মন্তব্য করুন: