সুনামগঞ্জ সদর হাসপাতালে নার্স দিবসে উচ্চ শব্দে নাচ-গান
Led Bottom Ad

রোগীদের ভোগান্তিতে ক্ষোভ

সুনামগঞ্জ সদর হাসপাতালে নার্স দিবসে উচ্চ শব্দে নাচ-গান

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৫/২০২৬ ১৭:৫৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপনের নামে চরম অমানবিকতার এক নজির সৃষ্টি হয়েছে। হাসপাতালের ওয়ার্ডগুলোতে যখন অসুস্থ শিশুরা ব্যথায় ও যন্ত্রণায় কাতরাচ্ছিল, ঠিক তখনই নিচতলায় উচ্চ শব্দে ব্যান্ড পার্টি বাজিয়ে নার্সদের নাচের ঘটনা ঘটেছে। এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে সমালোচনার ঝড় ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ ১২ মে (মঙ্গলবার) আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর হাসপাতালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী রোগীদের স্বজনরা জানান, বেলা বাড়ার সাথে সাথে হাসপাতালের নিচতলায় বিশালাকার স্পিকার এবং ব্যান্ড দল নিয়ে গানের তালে তালে নাচে মেতে ওঠেন নার্স ও সংশ্লিষ্ট স্টাফরা। ড্রাম এবং সাউন্ড বক্সের তীব্র শব্দে পুরো হাসপাতাল এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। হাসপাতালের দোতলা ও তিনতলায় শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটে অসংখ্য মুমূর্ষু রোগী চিকিৎসাধীন থাকাবস্থায় এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল। বিশেষ করে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের কান্নার মাঝেই নিচতলা থেকে আসা উচ্চ শব্দ রোগীদের শারীরিক ও মানসিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে।

হাসপাতালে ভর্তি এক শিশুর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার বাচ্চাটা যন্ত্রণায় ঘুমাতে পারছে না, আর নিচে তারা মাইক বাজিয়ে নাচছে। এটা হাসপাতাল নাকি কোনো ক্লাবের অনুষ্ঠান বোঝা দায়।" চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী হাসপাতাল একটি 'সাইলেন্স জোন' হলেও সেবার ব্রত নিয়ে যারা কাজ করেন, তাদের কাছ থেকে এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নার্সরা দলবেঁধে উচ্চস্বরে গানের তালে নাচছেন। নেটিজেনরা একে অমানবিক ও সেবার নামে তামাশা বলে অভিহিত করেছেন।

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নার্স দাবি করেন, দিবসটি উদযাপন করতেই এই আয়োজন করা হয়েছিল এবং এটি রোগীদের ভোগাবে তা তারা বুঝতে পারেননি। স্থানীয় নাগরিক সমাজ দ্রুত এই ঘটনার তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad