সুনামগঞ্জে দেওয়ান মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত
সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান, কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ দেওয়ান মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। একজন জনবান্ধব জনপ্রতিনিধি, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভার অধিকারী এই নেতার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাঁর পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, সুনামগঞ্জ শহরের উন্নয়ন ও একটি আধুনিক নগর গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত দেওয়ান মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জিয়ারত করেন পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং মমিনুল মইজদীন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, “মমিনুল মইজদীন আমাদের পরিবারের গৌরব। হাসনরাজার উত্তরাধিকারী হিসেবে তিনি তাঁর চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন। তিনি শুধু রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও সুনামগঞ্জের মানুষ গভীরভবে অনুভব করেন।”
সাবেক কাউন্সিলর ও মমিনুল মইজদীন স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম বজলু বলেন, “১৫ নভেম্বর সুনামগঞ্জবাসীর জন্য একটি বেদনাবিধুর দিন। তিনবারের এই পৌর চেয়ারম্যান কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি নিজেই সুনামগঞ্জের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। দুর্নীতি, মাদক, নকল এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন।” তিনি নতুন প্রজন্মকে মরহুমের আদর্শ ও সততা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
সাবেক কাউন্সিলর আহমদ নুর তাঁর স্মৃতিচারণ করে বলেন, “২০০৪ সালে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় মমিনুল মইজদীনকে অভিভাবক হিসেবে পেয়েছিলাম। তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুনামগঞ্জকে একটি মডেল ও ‘জ্যোৎস্নার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তাঁর মতো নেতা ভবিষ্যতে আর সৃষ্টি হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।”
বক্তারা বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো এবং শহরের ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা করাও একজন নেতার বড় দায়িত্ব। মমিনুল মইজদীনের কর্মময় জীবন ও নগর উন্নয়নের স্বপ্ন নতুন প্রজন্মের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেওয়ান মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালক নিহত হন। তাঁদের আকস্মিক এই প্রয়াণে সে সময় পুরো সুনামগঞ্জজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও আজও পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে অমলিন হয়ে আছেন এই জনবান্ধব নেতা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দেওয়ান গনিউল সালাদীন, পারভেজ আহমদ চৌধুরী, আলী হায়দার মাস্টার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে, ঝুটন পুরকায়স্থ, আলী আহমদ, মমিন চৌধুরী ফয়সল, সাজিদ, টিটু, সৈয়দ শফিকুল ইসলাম ও জুয়েল আহমদসহ মরহুমের পরিবারের সদস্য, স্বজন ও স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/প্রসি-২০২৬
মন্তব্য করুন: