সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/১১/২০২৬ ১২:৪১:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট (কর্মবিরতি) পালন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দাঁড়িয়েছে পরিবহন শ্রমিকদের দুটি পক্ষ। তিন দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। তবে এই কর্মসূচিকে ‘সরকারকে বেকায়দায় ফেলার প্রচেষ্টা’ উল্লেখ করে তা বর্জনের ঘোষণা দিয়েছে জেলার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৪ নভেম্বর) পৃথক দুটি সভায় সংগঠনগুলো তাদের নিজ নিজ অবস্থানের কথা জানায়।

শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এক সভায় সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এতে সমর্থন রয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের।

ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, তিন দফা দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দোলনকারী শ্রমিকদের তিন দফা দাবি হলো: ১. কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা থেকে ইউনিয়নের সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ শীর্ষ নেতাদের নাম প্রত্যাহার। ২. সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা এবং পার্কিংয়ের নামে পুলিশের মামলা বন্ধ করা। ৩. ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করা, নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

এদিকে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজ কার্যালয়ে জরুরি সভা করে এই কর্মবিরতি বর্জনের ঘোষণা দেয় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, ঘোষিত এই কর্মসূচি আদালত অবমাননার শামিল। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। সভায় শ্রমিক নেতা আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad