আজ তাহেরীর সম্মেলন: পাল্টাপাল্টি অবস্থানে থমথমে হবিগঞ্জ

আজ তাহেরীর সম্মেলন: পাল্টাপাল্টি অবস্থানে থমথমে হবিগঞ্জ

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১৫/১১/২০২৬ ১৫:৩০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণ নিয়ে তীব্র অনিশ্চয়তা ও উত্তেজনা দেখা দিয়েছে। তাকে মাহফিলে বাধা দেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপির একাংশের বিক্ষোভ এবং প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধের হুমকির গুঞ্জনে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে নেতাকর্মীরা মাহফিলে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করেন।

বিক্ষোভ সমাবেশে এম শাহীন আলম রিপন বলেন, “যেকোনো মূল্যে তাহেরীর ওয়াজ প্রতিহত করা হবে।” তার অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়ে এবং উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন যে, তারা সামগ্রিকভাবে মাহফিলের বিরুদ্ধে নন, কেবল মুফতি তাহেরীর অংশগ্রহণের বিরুদ্ধেই তাদের এই আন্দোলন।

এদিকে সব বাধা উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় রয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, “সৎকাজে বাধা আসবেই। মাইক চললে আমি অবশ্যই উপস্থিত হয়ে আল্লাহ ও রাসুলের বয়ান করব, ইনশাআল্লাহ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানাব।”

খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সার্বিক তত্ত্বাবধানে মহাসম্মেলনের সার্বিক প্রস্তুতি চলছে। তবে আয়োজকদের শঙ্কা, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠান আয়োজনের অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে প্রশাসন মাহফিল বন্ধ করে দিতে পারে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বক্তা হিসেবে না হলেও তাহেরী শেষ পর্যন্ত শ্রোতা হিসেবেও মাহফিলে উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে তার ভক্ত-অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফিলে যোগদানের জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা এবং মুফতি তাহেরীর ঘনিষ্ঠ সহচর মুফতি মোজাম্মেল হক মাসুমী বলেন, “কোনো বক্তাকে নিষিদ্ধ করা প্রশাসনের কাজ হতে পারে না। মাহফিলের অনুমতির কথা বলে ভয় দেখিয়ে তাহেরীর আগমনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সাধারণ মানুষের ধর্মীয় চেতনা নিয়ে এ ধরনের কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি পাঠানো খুদে বার্তারও কোনো জবাব দেননি তিনি।

স্থানীয়দের একাংশের ধারণা, মাহফিলের অতিথি তালিকা প্রণয়ন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও আয়োজকরা।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad