তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা
লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সেতু দখল করে ধান শুকানোর হিড়িক
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ করাব বেকিটেকা সেতুর এক লেন সম্পূর্ণ দখল করে অবাধে ধান ও খড় শুকানোর কাজ চলছে। স্থানীয় একশ্রেণির কৃষকের এমন বেপরোয়া কর্মকাণ্ডে সেতু ও এর আশপাশের এলাকায় প্রতিদিন তীব্র যানজট এবং চরম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। ব্যস্ততম এই সড়কটির অর্ধেক অংশ বন্ধ থাকায় সাধারণ পথচারী ও ছোট-বড় যানবাহনের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের ওই সেতুটির এক লেনজুড়ে ধান শুকানোর জন্য কলাগাছ, বাঁশ ও জাল (নেট) দিয়ে অস্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। ফলে দ্বিমুখী যানবাহন চলাচলের এই ব্যস্ত সড়কে দুই সারির গাড়িগুলোকে বাধ্য হয়ে মাত্র একটি লেন ব্যবহার করে চরম ঝুঁকির মধ্য দিয়ে পারাপার হতে হচ্ছে। এতে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ভুক্তভোগী যাত্রী ও যানবাহন চালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, আঞ্চলিক মহাসড়কের মতো একটি ব্যস্ত রাস্তার অর্ধেক দখল করে রাখায় প্রতিদিন তাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে মূল্যবান সময় নষ্ট করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়া রোগী ও অফিসগামী মানুষ পড়েছেন চরম বিপাকে। স্থানীয়দের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও দখলদাররা তা কর্ণপাত করছেন না। এছাড়া, রাস্তার ওপর ধান মাড়াই ও পরিষ্কার করার ফলে ধানের তুষ, খড়কুটো ও ধুলাবালি বাতাসে উড়ে এসে চলন্ত মোটরসাইকেল চালক ও পথচারীদের চোখে-মুখে পড়ছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা।
সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে উপজেলা প্রশাসনের নজরে এসেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: