ভাসুরের বিরুদ্ধে অভিযোগ, জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের জকিগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রী লাবণী রানী বিশ্বাস (১৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লাবণী ওই এলাকার অন্নদা বিশ্বাসের মেয়ে। পরিবার জানায়, আট মাস আগে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের এক ওমানপ্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরপরই স্বামী কর্মস্থলে ফিরে যান।
নিহতের পরিবারের অভিযোগ, স্বামী বিদেশে থাকার সুযোগে তার ভাসুর নিত্যানন্দ বিশ্বাস দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন এবং হয়রানি করতেন। এ নিয়ে পারিবারিক অশান্তির মধ্যে প্রায় এক মাস আগে লাবণী বাবার বাড়িতে চলে আসেন।
নিহতের বাবা অন্নদা বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হয়রানি করা হচ্ছিল। সে বিষয়টি নিয়ে খুবই ভেঙে পড়েছিল।”
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নিত্যানন্দ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মোর্শেদ লস্কর:/ডি আর ডি
মন্তব্য করুন: