কানাইঘাটে বসতভিটা ও ফসলি জমিতে খাল খননের অভিযোগ
Led Bottom Ad

এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কানাইঘাটে বসতভিটা ও ফসলি জমিতে খাল খননের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

১০/০৫/২০২৬ ২৩:৩৬:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সরকারি নথিতে চিহ্নিত ‘নকলা খাল’ প্রকৃত স্থানে পুনঃখননের দাবি জানিয়েছেন। রোববার (১০ মে) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, প্রকৃত খালের স্থানে কাজ না করে স্থানীয় প্রশাসন ব্যক্তি মালিকানাধীন আবাদি জমি ও বসতভিটার ওপর দিয়ে খনন কাজ চালাচ্ছে, যা এলাকায় চরম উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করেছে। এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিজচাউরা উত্তর গ্রামের বাসিন্দা শামসুদ্দীন।

লিখিত বক্তব্যে জানানো হয়, সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করায় এলাকাবাসী সাধুবাদ জানালেও ‘নকলা খাল’ পুনঃখননের নামে সরকারি নথির বাইরে গিয়ে সাধারণ মানুষের পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত সম্পত্তিতে খনন চালানো হচ্ছে। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় ইউপি সদস্যদের তত্ত্বাবধানে এলাকাবাসীকে অবহিত না করেই ‘আমরী সুইস গেট হতে কৃষ্ণপুরী গ্রাম পর্যন্ত’ অংশে এই খনন কাজ শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উল্লিখিত ওই অংশে অতীতে কিংবা বর্তমানে ‘নকলা খাল’ নামে কোনো খালের অস্তিত্ব নেই। অবৈধ এই খনন বন্ধের দাবিতে গত ৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা না নিয়ে বরং ৭ মে বিতর্কিত ওই স্থানেই খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, নিজেদের ভিটেমাটি ও আবাদি জমি রক্ষাকে কেন্দ্র করে এলাকায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে ইতিমধ্যে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অবিলম্বে ব্যক্তিগত মালিকানাধীন জমিতে খনন বন্ধ করে সরকারি নকশা অনুযায়ী প্রকৃত খাল খনন না করা হলে ভিটেমাটি রক্ষায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিজচাউরা উত্তর গ্রামের মামুন রশীদ, আব্দুল মছব্বির, জয়নাল আবদীন, নূর হোসাইন এবং নিজচাউরা দক্ষিণ গ্রামের খলিলুর রহমান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad