জকিগঞ্জে নিজ ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখতে চান অমিত
অমিত রায় অমৃত জকিগঞ্জের একজন প্রতিশ্রুতিশীল ও উদ্যমী তরুণ হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। স্থানীয় পর্যায়ে যুবসমাজকে সংগঠিত করা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাংগঠনিক দক্ষতার কারণে তিনি বর্তমানে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৪ নং খলাছড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এবং তরুণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
অমিত রায় অমৃত বলেন, “আমার লক্ষ্য শুধু একটি পদে নির্বাচিত হওয়া নয়, বরং জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বাস্তব ভূমিকা রাখা। আমি চাই আমার ওয়ার্ড হবে মাদকমুক্ত, শান্তিপূর্ণ এবং উন্নয়নমুখী একটি আদর্শ এলাকা। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, এলাকার ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলাই হবে তাঁর অন্যতম প্রধান কাজ। মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণরাই পরিবর্তনের মূল শক্তি। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমাদের ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত মডেল ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব।”
তার সমর্থকেরা মনে করছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে অমিত রায় অমৃত এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। ফলে নির্বাচনী মাঠে তিনি ধীরে ধীরে একটি সক্রিয় ও আলোচিত প্রার্থী হিসেবে পরিচিতি পাচ্ছেন।
রাকেশ রায়
মন্তব্য করুন: