২৩৪ জন পেলেন চিকিৎসাসেবা
ছাতকে ‘স্পার্ক ইউথ ফর চেঞ্জ’-এর ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে সামাজিক ও মানবিক সংগঠন ‘স্পার্ক ইউথ ফর চেঞ্জ’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্পার্ক হেল্থ ক্যাম্পেইন’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে স্থানীয় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয় ও সার্টিফিকেট প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ। আয়োজকরা জানান, ক্যাম্পটিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৩৪ জনেরও বেশি মানুষ সরাসরি সেবা গ্রহণ করেছেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারি) ডা. মো. মাজহারুজ্জামান খাঁন এবং ডা. এমরান নাযির মারুফ।
কঠালপুর, উলুরগাঁও, রংপুর, চাঁনপুর ও বড়গল্লা এলাকার সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে বলেন, গ্রামের অসচ্ছল মানুষের জন্য এই সেবা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের প্রথম বৃহৎ পরিসরের জনসেবামূলক কার্যক্রম। পিছিয়ে পড়া এলাকায় মৌলিক সেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ভবিষ্যতে নোয়ারাই ইউনিয়নের অন্যান্য এলাকায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। অনুষ্ঠান শেষে আয়োজকরা স্থানীয় প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ রহমান
মন্তব্য করুন: