ডিসির বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামলেন সিলেটের ব্যবসায়ীরা
Led Bottom Ad

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ

ডিসির বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামলেন সিলেটের ব্যবসায়ীরা

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৫/২০২৬ ২১:৪০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দোকানঘর উচ্ছেদের অভিযোগ তুলে রাজপথে নেমেছেন সিলেটের ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ করে দেওয়া কালেক্টরেট মসজিদ মার্কেট পুনরায় খুলে দেওয়ার দাবিতে সোমবার (৪ মে) নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সিলেটের প্রায় সবকটি ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের মাধ্যমে এককালীন টাকা জমা দিয়ে ব্যবসায়ীরা এই মার্কেটে ব্যবসা পরিচালনা করে আসছেন। দীর্ঘ ২৭-২৮ বছর ধরে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা করার পর মাত্র তিন দিনের নোটিশে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও নজিরবিহীন। ব্যবসায়ীদের দাবি, গত ১০ মার্চ জেলা প্রশাসক এক চিঠির মাধ্যমে তাদের তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হলে আদালত গত ১২ মার্চ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন এবং উচ্ছেদ নোটিশের কার্যকারিতা স্থগিত করেন। কিন্তু আদালতের সেই আদেশ তোয়াক্কা না করেই মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ ও দোকান মালিক সমিতি সিলেটের সভাপতি আব্দুর রহমান রিপনসহ ব্যবসায়ী নেতারা জানান, এ বিষয়ে তারা সিলেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের অবহিত করেছেন। তারা অবিলম্বে মার্কেট খুলে দেওয়ার জোর দাবি জানান। এর আগে গত ২৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা চুক্তি বাতিলের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিকে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আদালতের স্থগিতাদেশ থাকার পরও উচ্ছেদ প্রক্রিয়া চলায় সিলেটের ব্যবসায়ী মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad