এমপি নাছির চৌধুরী
‘দিরাই-শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী’
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী বলেছেন, দুর্যোগকবলিত হাওরবাসীর জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত বোরো ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন এবং আগামী তিন মাস হাওরবাসীকে সব ধরনের সহায়তা দিয়ে যাবেন।
৪ মে সোমবার সকালে দিরাই উপজেলা প্রশাসনের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যের শুরুতেই নাছির চৌধুরী অতীতের স্মৃতি চারণ করে বলেন, আমি ৯৬ সালেও এমপি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু দল বিরোধী দলে থাকায় তখন আশানুরূপ উন্নয়ন করা সম্ভব হয়নি। এবার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এবং আমাদের দল সরকার গঠন করেছে। ফলে দিরাই-শাল্লার উন্নয়নে আর কোনো বাধা থাকবে না।
তিনি আরও জানান, ইতিমধ্যে তিনি জাতীয় সংসদে দিরাই শাল্লার ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবার সংকট এবং শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরেছেন। এসব সমস্যার স্থায়ী সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে এমপি বলেন, দিরাই শ্যামারচর ও দিরাই-রজনীগঞ্জ রাস্তাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমরা বিচ্ছিন্ন কোনো উন্নয়ন নয়, বরং একটি পরিকল্পিত ও আধুনিক দিরাই-শাল্লা গড়ে তুলতে চাই।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে নাছির চৌধুরী বলেন, আমি জনগণের সেবক, আপনারাও জনগণের সেবক। সুতরাং কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।
তিনি উপজেলা পর্যায়ের প্রতিটি দপ্তরকে তাদের বিদ্যমান সমস্যা ও চাহিদার তালিকা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভ, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার হুসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের কার্যক্রমের অগ্রগতি ও সীমাবদ্ধতা তুলে ধরেন। এমপি নাছির চৌধুরী সবাইকে সাথে নিয়ে দিরাই-শাল্লাকে একটি 'স্বপ্নের উপজেলা' হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এ রহমান
মন্তব্য করুন: