সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
সুনামগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন এবং দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় নারী প্রাণ হারিয়েছেন। সোমবার (৪ মে) দুপুর ও সকালে এই পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।
ছাতকের ঘটনায় নিহতদের মধ্যে তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলীর (৫৫) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে নিহত সিএনজিচালক ও অন্য দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় নিলুফার আক্তার (৩৫), কেয়া আক্তার (১৫) ও শাহাবুদ্দিন (৪৫) সহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ‘রিফাত পরিবহন’ এর একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বাসটি আকস্মিকভাবে লেন পরিবর্তন করে সড়কের ভুল দিকে চলে যায় এবং বিপরীতমুখী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে অনেক দূরে ছিটকে পড়ে এবং বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলী ও অটোরিকশার চালক মারা যান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের বেপরোয়া গতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকালে দিরাই-মদনপুর সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারী নিহত হন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। একদিনে জেলায় ৫ জনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নির্মল জনপদে ঘাতক বাসের এই তাণ্ডব থামানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: