ফসল নিয়ে শঙ্কা নেই
তাহিরপুরে সমসার হাওরে পাটলাই নদীর পানি প্রবেশ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সমসার হাওরে পাহাড়ি ঢলের প্রভাবে পাটলাই নদীর পানি উপচে প্রবেশ করতে শুরু করেছে। শনিবার (২ মে) বিকেল থেকে হাওরের বিভিন্ন অংশে পানি ঢুকতে দেখে স্থানীয় কৃষকদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দিলেও কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে যে, ফসলের কোনো ক্ষতির আশঙ্কা নেই।
স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, পানির চাপে হাওরপাড়ের সোনাপুর, কলাগাঁও ও লামাচাটা গ্রামের নিচু এলাকার জমিতে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। কলাগাঁও গ্রামের বাসিন্দা নজির হোসেন জানান, অতিবৃষ্টির কারণে নিচু জমিগুলো আগেই ভেজা ছিল, এখন নদীর পানি উপচে পড়ায় ফসল নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে মাঠ পর্যায়ের তথ্য বলছে ভিন্ন কথা। এ হাওরটিতে বোরো ফসল রক্ষার জন্য স্থায়ী কোনো বাঁধ নির্মাণ করা হয়নি এবং ঢলের পানি নামার আগেই ধান কাটার কাজ সম্পন্ন হয়েছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সমসার হাওরে এ বছর প্রায় ২০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল এবং কৃষকরা ইতোমধ্যে সব ধান কেটে ঘরে তুলেছেন। তাই পানি ঢুকলেও ফসলের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি উপচে সমসার হাওরে পানি প্রবেশ করছে। যেহেতু হাওরের সব ধান কাটা শেষ, তাই এতে কৃষকের কোনো ক্ষতি হবে না। প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
এ রহমান
মন্তব্য করুন: