বৃষ্টি উপেক্ষা করেই কর্মব্যস্ত সফর শুরু
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি উপেক্ষা করে আজ শনিবার (২ মে) সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রধানমন্ত্রীর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) ও পরবর্তীতে খাদিম নগরে হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফরে প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশগ্রহণ। এরপর বেলা ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বিকাল ৫টায় শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর, যা ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি শেষে আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: