শান্তিগঞ্জে সড়কের নির্মাণসামগ্রী চুরি: দিন-দুপুরে সিসি ব্লক নিয়ে গেল চোরচক্র
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের সাইট থেকে দিন-দুপুরে কয়েক হাজার সিসি ব্লক চুরির অভিযোগ উঠেছে। উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের টাইলা-ঠাকুরভোগ অংশে বাস্তবায়নাধীন প্রকল্প থেকে মঙ্গলবার এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৯ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ২ হাজার ৬০০ মিটার আরসিসি ঢালাই সড়ক, সাইট প্রটেকশন ওয়াল ও সিসি ব্লকের কাজ পায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সরজমিনে দেখা যায়, ঠাকুরভোগ আশ্রয়কেন্দ্রের মাঠে সড়কের কাজের জন্য ৬০ হাজার সিসি ব্লক তৈরি করে রাখা হয়েছিল। প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আনোয়ার খাঁ জানান, মঙ্গলবার বিকেলে তিনি কিছুটা দূরে থাকাকালে স্থানীয় মতলিব মিয়ার ছেলে আলী হোসেন একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ে এসে বিপুল পরিমাণ সিসি ব্লক তুলে নিয়ে যান। বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি দ্রুত ব্লকগুলো নিয়ে চম্পট দেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কনক দত্ত দাবি করেন, তাঁর প্রায় ৪ থেকে ৫ হাজার সিসি ব্লক চুরি হয়েছে। এর আগেও একই সাইট থেকে ১ টন রড ও গাড়ির ব্যাটারি চুরি হয়েছিল এবং সবগুলোর পেছনে একই চক্র জড়িত বলে তাঁর ধারণা। অন্যদিকে অভিযুক্ত আলী হোসেনের পিতা মতলিব মিয়া দাবি করেন, তাঁর ছেলে হাওরের কাদা মাটিতে আটকে যাওয়া ধানবাহী গাড়ি উদ্ধারের জন্য মাত্র ৫০-৬০টি ব্লক নিয়েছিলেন।
শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, ঠিকাদারের পক্ষ থেকে বিষয়টি তাঁকে জানানো হয়েছে। ঘটনাস্থলে লোক পাঠিয়ে চুরির সত্যতা নিশ্চিত হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিগঞ্জ থানায় এ বিষয়ে দ্রুত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ রহমান
মন্তব্য করুন: