ছাতকের জাতুয়া বাজারে দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বাজারে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে বাজারের ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
ভুক্তভোগী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রঞ্জু পুরকায়স্থ জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১০টার দিকে অফিস কক্ষ তালাবদ্ধ করে তিনি বাড়িতে চলে যান। গভীর রাতে চোরচক্র ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত তাঁর অফিস কক্ষে হানা দেয়। চোরেরা প্রথমে প্রধান দরজার তালা ও গ্রিল ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে জানালার গ্রিল কেটে সুকৌশলে ভেতরে প্রবেশ করে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চোরেরা ড্রয়ারে থাকা নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ব্যবসার গুরুত্বপূর্ণ হিসাবের খাতা ও দলিলপত্র নিয়ে গেছে। এছাড়াও নিজেদের পরিচয় গোপন রাখতে চোরচক্রটি দোকানের সিসি ক্যামেরার ডিভিআর (DVR) মেশিনটিও সঙ্গে করে নিয়ে যায়। রঞ্জু পুরকায়স্থের দাবি অনুযায়ী, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকারও বেশি।
বুধবার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল একটি বাজারে নৈশপ্রহরীর অনুপস্থিতিতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। খবর পেয়ে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) রোমেন ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। ছাতক থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: