বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত
Led Bottom Ad

মামলা দায়ের

বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

৩০/০৪/২০২৬ ১৬:৫১:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ–এর দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে গোয়াইনঘাট থানায়–এ মামলাটি করেন সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি বিওপির নায়েব সুবেদার ইনয়ামুল হক।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বিছনাকান্দি সীমান্তের জলপুরী এলাকায় টহল ডিউটিতে ছিলেন বিজিবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা মরকিটিলা এলাকায় অভিযান চালান। সেখানে ভারত থেকে অবৈধভাবে আনা ভারতীয় জিরা ও নাসির বিড়ি মজুত ছিল বলে জানা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সদস্যরা ৩০ বস্তা ভারতীয় জিরা ও ১০ বস্তা নাসির বিড়ি জব্দের চেষ্টা করলে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে।

হামলায় ল্যান্স নায়েক শাহাদাত হোসেন ও ল্যান্স নায়েক রিমন হোসেন আহত হন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে হামলাকারীরা জব্দ করা মালামালের একটি বড় অংশ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হন। এ বিষয়ে গোয়াইনঘাট থানার তদন্ত কর্মকর্তা কবীর হোসেন বলেন, বিজিবির দায়ের করা মামলাটি রেকর্ড করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সীমান্ত এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, চোরাচালান ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad