দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই: অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
Led Bottom Ad

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই: অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০৪/২০২৬ ১৬:১৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে বাজারের ‘স্কুল মার্কেটে’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরবর্তীতে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অজয় চন্দ্র দাস, শাহাজাহান মিয়া, আল-আমীন মিয়া, হাবিব মিয়া, সবুর মিয়া, শারজুল মিয়া, বাপি তালুকদার ও আতাউর রহমানের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে তাঁদের প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ব্যাংক ও এনজিও ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা এসব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এখন সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের পুনর্বাসনের জন্য সরকারের জরুরি সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad