হাওরে ফসলহানি: সংসদ ছেড়ে কৃষকের পাশে এমপি কামরুল
Led Bottom Ad

হাওরে ফসলহানি: সংসদ ছেড়ে কৃষকের পাশে এমপি কামরুল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/০৪/২০২৬ ১৯:৩৯:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যায় ফসলহানির ঘটনায় দিশেহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। জরুরি এই সংকটময় মুহূর্তে কৃষকদের মনোবল চাঙ্গা করতে ও দুর্যোগ মোকাবিলায় তিনি জাতীয় সংসদের চলমান অধিবেশন থেকে ছুটি নিয়ে সরাসরি নির্বাচনী এলাকায় উপস্থিত হয়েছেন। ​আজ বুধবার (২৯ এপ্রিল) তিনি তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি পানির নিচে তলিয়ে যাওয়া ফসলি জমির ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে তাদের দুরবস্থার খোঁজখবর নেন। বাঁধ রক্ষা ও কৃষকদের জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

হাওরাঞ্চলের এই সংকটপূর্ণ পরিস্থিতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে জাতীয় সংসদে উত্থাপন করেছেন এমপি কামরুজ্জামান কামরুল। তিনি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে হাওরের বর্তমান ভয়াবহ চিত্র তুলে ধরে জরুরি সহায়তার দাবি জানান।

​এমপি কামরুলের আবেদনের প্রেক্ষিতে আজ জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার সবসময় অসহায় কৃষকদের পাশে রয়েছে। আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত সকল কৃষককে সরকারিভাবে বিশেষ সহায়তা প্রদান করা হবে।

দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এমপি কামরুজ্জামান কামরুল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, কৃষকের কান্না আমি সইতে পারি না। সংসদ অধিবেশনে উপস্থিত থাকার চেয়ে এই মুহূর্তে আমার নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকা ও তাদের সাহস জোগানোকে আমি বেশি জরুরি মনে করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্ত একজন কৃষকও না খেয়ে থাকবে না। সরকারি ত্রাণ ও সহায়তা দ্রুততম সময়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

​এমপি কামরুলের এই সরাসরি উপস্থিতি এবং সরকারের দ্রুত সহায়তার আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। পরিদর্শনের সময় এমপির সাথে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad