বিচার চেয়ে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন
দোয়ারাবাজারে বসতবাড়িতে হামলার অভিযোগ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি পরিবারের ওপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ জয়নারা বেগম দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগ ও সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল রাত ১০টার দিকে উপজেলার ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের টেবলাই পশ্চিমপাড়া এলাকায় জয়নারা বেগমের স্বামী মোঃ রিপন মিয়ার বসতবাড়িতে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ সাদ্দাম মিয়া ও মোছাঃ তাছলিমা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর পরদিন ১২ এপ্রিল সকালে পুনরায় একই স্থানে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী জয়নারা বেগম অভিযোগ করেন, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকে তাঁরা পরিবারসহ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে জয়নারা বেগম আরও দাবি করেন, ঘটনার দিন পুলিশকে জানালে তারা অভিযুক্তদের একজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পরবর্তীতে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারীর সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। হামলাকারীরা এখনো তাঁদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, “ঘটনার পর উভয় পক্ষই থানায় অভিযোগ নিয়ে এসেছিল। আমরা কাউকে আটক করিনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” দ্রুত বিচার ও নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছে।
এ রহমান
মন্তব্য করুন: